গোপালগঞ্জ প্রতিনিধি | ডেস্ক রিপোর্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে অবস্থিত বনলতা মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
ভোক্তা অধিকার আইনে জরিমানা
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করার বিষয়টি পরিলক্ষিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকানের মালিক তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিক তারেক শেখকে ভবিষ্যতে দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেন।
নিয়মিত অভিযান চালানোর ঘোষণা
ইউএনও আরও বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

0 Comments