রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির অভিযানের এই তথ্য জানানো হয়।
কোন বিভাগে কত গ্রেপ্তার
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন।
এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার বিভিন্ন আলামত
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদক, সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
উদ্ধার তালিকায় রয়েছে—
বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ
৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা
৭ হাজার ৭০১ পিস ইয়াবা
৬২ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল)
২টি মোটরসাইকেল
২টি সুইচ গিয়ার
২ জন ভিকটিম
নগদ ৬ হাজার ৬১০ টাকা
১টি ল্যাপটপ
১৩টি মোবাইল ফোন
বিপুলসংখ্যক সিম ও ভিওআইপি সরঞ্জাম জব্দ
অভিযানে বিপুলসংখ্যক মোবাইল সিমও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম এবং ১৫০টি এয়ারটেল সিম।
এ ছাড়া আরও ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments