Header Ads Widget

Responsive Advertisement

তেল-গ্যাস নীতিতে পরিবর্তন নয়, থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী


যশোর প্রতিনিধি

জ্বালানি ও তেল-গ্যাস খাতে সরকারের নীতিতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও সরকারি কর্মকাণ্ডের তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতে গুরুত্ব

প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাতারাতি পরিবর্তিত হয়নি। তাই জ্বালানি ও তেল-গ্যাস খাতে নীতির ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

পূজাকে ঘিরে নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনার নির্দেশ

আসন্ন বড় পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন এলাকায় কতটি পূজামণ্ডপ হচ্ছে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন—এসব বিষয় আগে থেকেই পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নিয়মের বাইরে থাকা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা

ইটভাটা প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, যেসব ইটভাটা এখনো নিয়মের আওতার বাইরে রয়েছে, সেগুলোকে আইনের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে।

পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিয়ম না মেনে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার খোকন, পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এসআরবি যশোর ক্যাম্প কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স, বিজিবির কর্মকর্তা, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ জাহাঙ্গীর ফেরদৌস সুমনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ৯ থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয় নিয়ে আলোচনা হয়।

Post a Comment

0 Comments