বাংলাদেশের উদ্যোক্তা ও প্রযুক্তি খাতে নতুন একটি আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD-এর ‘ই-ট্রেড ফর উইমেন’ অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক।
২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাঁকে দক্ষিণ এশিয়ার ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর জেনেভায় UNCTAD-এর একটি অনুষ্ঠানে তাঁর নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
নারী উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করবেন
UNCTAD-এর ‘ই-ট্রেড ফর উইমেন’ উদ্যোগের মূল লক্ষ্য হলো ডিজিটাল অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও নেতৃত্বকে আরও শক্তিশালী করা। নির্বাচিত অ্যাডভোকেটরা নারী উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেন।
নতুন দায়িত্বে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বাধীন ডিজিটাল ব্যবসার অভিজ্ঞতা নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরবেন। একই সঙ্গে তিনি আঞ্চলিক মাস্টারক্লাস ও বিভিন্ন কমিউনিটি কার্যক্রমেও নেতৃত্ব দেবেন।
এর আগে কেনিয়া, মিসর, কলম্বিয়া, মালয়েশিয়া, সেনেগাল, নাইজেরিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এই উদ্যোগে অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয়েছে।
ডিজিটাল অর্থনীতিতে নতুন সুযোগ
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাদিয়া হক বলেন, দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতি নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে সফল প্রযুক্তিভিত্তিক ব্যবসা গড়ে তুলতে শুধু ভালো ধারণাই যথেষ্ট নয়; প্রয়োজন পুঁজি, জ্ঞান, নেটওয়ার্ক এবং নারীদের নেতৃত্বের সুযোগ তৈরি করে এমন একটি কার্যকর ব্যবসায়িক পরিবেশ।
তিনি জানান, নতুন প্ল্যাটফর্মটি ব্যবহার করে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য পথ আরও সহজ করতে চান।
শেয়ারট্রিপের পথচলা
কাশেফ রহমানের সঙ্গে যৌথভাবে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশে অনলাইন ট্রাভেল সেবায় স্বয়ংক্রিয় এয়ার টিকিট রিফান্ড, তারিখ পরিবর্তন ও বাতিলের মতো সুবিধা চালু করে।
এ ছাড়া দেশের বিভিন্ন হোটেল ও রিসোর্টকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করে বড় ধরনের দেশীয় ট্রাভেল ইনভেন্টরি গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।
শেয়ারট্রিপ ট্রাভেল খাতে দেশের প্রথম ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ২০১৮ সাল থেকে টানা ছয় বছর World Travel Awards অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একাধিক পুরস্কার অর্জন
ব্যবসা ও প্রযুক্তি খাতে অবদানের জন্য সাদিয়া হক ইতোমধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের Philip Kotler Awards-এর Women Leader of the Year, ২০২৪ সালের ICT Woman of the Year এবং ২০২৫ সালের DHL-The Daily Star Bangladesh Business Awards-এর Outstanding Woman in Business পুরস্কার।
সাদিয়া হকের নতুন আন্তর্জাতিক দায়িত্বকে বাংলাদেশের নারী উদ্যোক্তা ও ডিজিটাল ব্যবসা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

0 Comments