অর্থনীতি । ঢাকা
দেশের টেলিযোগাযোগ খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৫৬৫ টাকা জমা দিয়েছে। ২০২৫ সালের শ্রমিকদের লভ্যাংশ অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) নির্ধারিত ১০ শতাংশের অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে।
ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থের চেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে হস্তান্তর করে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আব্দুর রহমান তরফদারসহ গ্রামীণফোনের শিল্প-সম্পর্ক, কর্মী সুবিধা ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের কল্যাণ এবং দায়িত্বশীল করপোরেট নাগরিকত্বের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ হিসেবেই নিয়মিতভাবে এই তহবিলে অর্থ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানান, কর্মী কল্যাণকে গুরুত্ব দেওয়া এবং সম্মিলিত দায়িত্ব পালনের প্রতিফলন হিসেবে এবারের অর্থ প্রদানকে দেখা হচ্ছে।
গ্রামীণফোনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মোট ৩২৯ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৯৪৭ টাকা জমা দিয়েছে। নতুন অর্থ যোগ হওয়ায় শ্রমিককল্যাণমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আর্থিক অংশগ্রহণ আরও বাড়ল।
শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের অবদান শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের জন্য কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে।

0 Comments