বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিফ স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগের তথ্য অনুযায়ী, আগুন লাগার পর পুরো ভবনে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন অতিথি অসুস্থ হয়ে পড়েন এবং অনেকে ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে জরুরি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পূর্ণ পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দমকলকর্মীদের জন্য উদ্ধারকাজও সহজ ছিল না। ঘন ধোঁয়ার কারণে ভবনের ওপরের তলাগুলোতে পৌঁছাতে তাদের বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুনের তীব্রতা খুব বেশি না হলেও ধোঁয়া দ্রুত পুরো হোটেলে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
পুলিশ ও দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পাঁচতলা পুরনো ভবনটিতে একাধিক হোটেল ও গেস্টহাউস রয়েছে। আগুনের সূত্রপাত হয় ভবনটির তৃতীয় তলায় থাকা শিখা ইন হোটেলে।
দমকল ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ সপ্তাহে পশ্চিমবঙ্গে এটি বড় ধরনের দ্বিতীয় হোটেল অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে সোমবার তারাপীঠের একটি হোটেলে আগুনে অন্তত নয়জনের মৃত্যু হয়েছিল।

0 Comments