Header Ads Widget

Responsive Advertisement

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, নজর রাখছে ভারত



আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি হওয়া ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের ওই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ওপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে।

তিনি জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছিলেন। এরপরই দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সমীকরণ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জয়সোয়াল জানান, সফরের বিষয়ে এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই। সময়সূচি চূড়ান্ত হলে তা জানানো হবে।

গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments