Header Ads Widget

Responsive Advertisement

কলকাতা বিমানবন্দরের পুরনো ATC ভবনে আগুন, স্বাভাবিক ছিল বিমান চলাচল



কলকাতা প্রতিনিধি: ভারতের কলকাতা বিমানবন্দরের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ভবনে আগুন লাগার ঘটনায় সাময়িক আতঙ্ক তৈরি হলেও বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

মঙ্গলবার ভোরে বিমানবন্দরের পুরনো ATC ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান কর্মীরা। অল্প সময়ের মধ্যেই ভবনের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেশ কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে দমকল কর্মকর্তাদের ধারণা, স্বাধীনতা দিবস উপলক্ষে ভবনটিতে লাগানো আলোকসজ্জার টুনি লাইটের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুরনো ATC ভবনের পাশের ভবন থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিমানবন্দরের কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং বিমান পরিষেবা স্বাভাবিক ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।

Post a Comment

0 Comments