Header Ads Widget

Responsive Advertisement

প্রথমবার পাসপোর্ট হারালে জরিমানা নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা


হারানো, চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা; অনলাইনে রিপোর্ট ও থানায় জিডি বাধ্যতামূলক

জাতীয় ডেস্কঃ

পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি’র বাইরে কোনো অতিরিক্ত দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে হারানো, চুরি বা নষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর করণীয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

হারালেই অনলাইনে রিপোর্ট, করতে হবে জিডি

নতুন নিয়মে পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হওয়ার বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে। পাশাপাশি নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে।

থানা জিডির তথ্য যাচাই করে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠাবে। এরপর হারানো পাসপোর্টের তথ্য সংশ্লিষ্ট সিস্টেমে হালনাগাদ করে পুনঃইস্যুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বিদেশে হারালে দূতাবাসে জানাতে হবে

বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে।

সংশ্লিষ্ট মিশন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট পুনঃইস্যুর ব্যবস্থা করবে এবং হারানো পাসপোর্টের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে।

হারানো পাসপোর্ট পরে পেলেও ব্যবহার করা যাবে না

একবার পাসপোর্ট হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করে সেটি বাতিল করা হলে পরবর্তীতে পাসপোর্টটি পাওয়া গেলেও সেটি আবার সক্রিয় করে বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

এ ধরনের পাসপোর্ট পাওয়া গেলে সংশ্লিষ্ট থানায় এবং নির্ধারিত অনলাইন ব্যবস্থায় বিষয়টি জানাতে হবে। বিদেশে থাকলে বাংলাদেশ মিশনকেও অবহিত করতে হবে।

পরিচয়সংক্রান্ত তথ্য পরিবর্তনে বিধিনিষেধ

পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়সংক্রান্ত তথ্য ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ থাকবে না। নাম, জন্মতারিখ, পিতা ও মাতার নামের মতো তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না; তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধন আলাদাভাবে বিবেচনা করা হবে।

আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে তা জমা দিয়ে পুনঃইস্যুর আবেদন করা যাবে। তবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।

কেন নতুন নিয়ম?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভ্রমণ দলিল। হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments