রাজনীতি ডেস্কঃ
সিফাত আব্দুল্লাহর মুক্তি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবি জানান। পাশাপাশি তার গ্রেপ্তার বা আটকের বিষয়ে কোনো আইনগত অভিযোগ বা প্রক্রিয়া থাকলে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে সম্পন্ন করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, একজন নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সিফাত আব্দুল্লাহর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি
কর্মসূচিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
শাহ্ আলম বাদশা বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়লে পরিবহন ব্যয়সহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়ে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। তাই সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে—এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ধর্ষণ, গুম, খুন ও শিশুদের নিরাপত্তা নিয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।
শাহ্ আলম বাদশা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কোথায় ব্যর্থতা রয়েছে, কার দায়িত্বে অবহেলা হয়েছে এবং কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না—এসব বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, জনগণ শুধু প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা, দ্রুত বিচার, কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা দেখতে চায়।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বন্ধের দাবি
রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরামের নেতারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের কথিত অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তাদের বক্তব্য, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যেসব নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে আইন সবার ক্ষেত্রে সমভাবে প্রয়োগের দাবি জানান তারা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। তাই মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে যারা ছিলেন
কর্মসূচিতে বক্তব্য দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহ-মুখপাত্র বাবুল সরদার, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, কেন্দ্রীয় সংগঠক স্বাধীন সরকার, মোহাম্মদ আবু নোমান, মরিয়ম খন্দকার মিষ্টি, আব্দুল আওয়াল হৃদয় ও মো. রাহাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

0 Comments