কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের বহন করা একটি ইজিবাইকও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় একটি দল অবস্থান করছিল। দুপুর দেড়টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে থামানো হয়।
পরে মেটাল ডিটেক্টর দিয়ে ইজিবাইকে থাকা একটি বস্তায় ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। সন্দেহ হওয়ায় ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আলুর বস্তার ভেতর থেকে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ উসমান ও মোহাম্মদ আনসার আলী এবং টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ মুসলিম।
বিজিবির তথ্য অনুযায়ী, আটকদের রোববার বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবির দাবি, উদ্ধার করা অস্ত্রের চালানটি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে এই দাবির সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

0 Comments