Header Ads Widget

Responsive Advertisement

৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা


অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ ও অর্থ স্থানান্তরের অভিযোগ; মামলার অনুমোদন দিয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদকঃ

অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের দিন শনিবার দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের মামলার অনুমোদনের বিষয়টি জানান।

দুদকের তথ্য অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও ঋণের সীমা বাড়ানো হয়। পরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রতিষ্ঠানটির নামে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা ঋণ বিতরণ ও নগদে উত্তোলনের অভিযোগ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর আইএফআইসি ব্যাংকের কথিত আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৪ কোটি টাকার বেশি দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদকের অভিযোগ, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে, অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে নগদ উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

মামলার অনুমোদন পাওয়া ২৫ জনের মধ্যে সালমান ফজলুর রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনার কথা জানিয়েছে দুদক।

Post a Comment

0 Comments