সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি তেলবাহী ট্রাক। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর সাত যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রথমে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা যান।
এর আগে গত ৭ আগস্ট সকালে একই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। এর মাত্র ১৫ দিনের ব্যবধানে একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটল।

0 Comments