মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্দেশ অমান্য করে মহাসড়কে এসব যান চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় অটো সুপার ফাইন সিস্টেমের এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, থ্রি-হুইলারগুলো মহাসড়কের পরিবর্তে বাজার, ফিলিং স্টেশন এবং স্থানীয় সড়কে চলাচল করতে পারবে। তবে মহাসড়কে তাদের চলাচল নিষিদ্ধ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের যান চলাচলে শৃঙ্খলা বাড়াতে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার ব্যবহার করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং এবং বিপরীত দিক দিয়ে যান চালানোর মতো বিভিন্ন আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে।
আইন অমান্যের ঘটনা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। একই সঙ্গে অনলাইনে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে বলে জানান তিনি।
মহাসড়কে চাঁদাবাজি কমাতেও এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, পরিবহন খাতের বিভিন্ন অনিয়মের পাশাপাশি চাঁদাবাজির ঘটনাও ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা সম্ভব হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে মহাসড়কে যান চলাচলে নিয়ম-শৃঙ্খলা বাড়বে এবং সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

0 Comments