চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। এসব নির্বাচন সম্পন্ন করার জন্য চলতি অর্থবছরের স্থানীয় সরকার বিভাগের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি জানান, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গত দুই দশকে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনৈতিক পরিস্থিতিও ছিল চ্যালেঞ্জপূর্ণ। এর মধ্যেই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন এলাকার পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে বর্জ্য পরিষ্কার, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হওয়ার পর ধাপে ধাপে নির্বাচনের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

0 Comments