Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের মার্কিন নীতি বাতিল



পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষমতার সীমা অতিক্রম করেছেন: আদালত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের ম্যানহাটনের একটি জেলা আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ নীতি প্রণয়নের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সরকারের যুক্তি ছিল, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

আদালত বলেছে, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রীর নেই। এ ধরনের সিদ্ধান্ত মার্কিন ফেডারেল অভিবাসন আইনে নির্ধারিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

মামলাটি দায়ের করেছিলেন অভিবাসন অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন, অভিবাসী ভিসার আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের নেওয়ার আবেদন করা কিছু মার্কিন নাগরিক। তাদের অভিযোগের ভিত্তিতেই আদালত নীতিটির বৈধতা পর্যালোচনা করে।

এই নীতির আওতায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার পাকিস্তান, লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে এবং আফ্রিকা, ক্যারিবীয় ও পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ ছিল।

তবে আদালতের এ রায়ের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং সরকারি সম্পদের ওপর সম্ভাব্য অতিরিক্ত চাপ কমানো। অন্যদিকে অভিবাসন অধিকারকর্মীরা এসব নীতির সমালোচনা করে আসছেন।

Post a Comment

0 Comments