Header Ads Widget

Responsive Advertisement

ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত



রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে হবে মহাসড়ক

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের রহমতপুর থেকে হিজলা, মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত এ মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় সড়ক ও জনপথ অধিদফতরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়।

সভায় ভোলার যোগাযোগব্যবস্থার বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এ উদ্যোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত রুটে কিছু বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পটি বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

সড়ক যোগাযোগ চালু হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ আরও সহজ হবে। এতে মানুষের যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নদীবেষ্টিত ভোলার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে নৌপথের ওপর অনেকটা নির্ভরশীল। নতুন সড়ক যোগাযোগ চালু হলে এ নির্ভরতা কমার পাশাপাশি ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে একটি কার্যকর বিকল্প তৈরি হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments