বরগুনা প্রতিনিধি
বরগুনা পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নাগরিকদের ভোগান্তি দিন দিন বাড়ছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ না হওয়া, পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনারের অভাব এবং সময়মতো ময়লা অপসারণ না করায় শহরের বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখা গেলেও অধিকাংশ পাড়া-মহল্লা ও অলিগলিতে নিয়মিতভাবে বর্জ্য অপসারণ করা হয় না। অনেক জায়গায় ডাস্টবিন ও নির্ধারিত সংগ্রহস্থল থেকে ময়লা উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বাড়ছে।
পৌর এলাকার বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে। প্রায় ১৫ বছর আগে আবাসিক এলাকায় বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য ডাস্টবিন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে সেটি কার্যকর নেই। ফলে অনেক বাসিন্দা নিজেদের সুবিধামতো স্থানে ময়লা ফেলছেন।
বর্জ্য পরিবহনের ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। পরিবহনের সময় রাস্তার ওপর ময়লা পড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বর্তমানে পৌর এলাকায় সর্বোচ্চ ১৬টি বর্জ্য পরিবহনকারী গাড়ি কার্যকর রয়েছে; অতীতে এ সংখ্যা ছিল প্রায় ২২টি। পৌর কর্তৃপক্ষ জনবল সংকটকেও বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছে।
অপরিকল্পিতভাবে পড়ে থাকা বর্জ্য নিয়ে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ রয়েছে। দীর্ঘ সময় ময়লা জমে থাকলে দুর্গন্ধ, মশা-মাছির বিস্তার এবং বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা ও গরমের সময়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে বরগুনার একটি সচেতন নাগরিক কমিটির পাঁচ সদস্যের একটি দল গত কয়েক মাস ধরে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ে কাজ করছে। তারা নাগরিকদের সঙ্গে মতবিনিময়, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
মাঠপর্যায়ের পর্যবেক্ষণে নিয়মিত বর্জ্য সংগ্রহ, পর্যাপ্ত কন্টেইনার স্থাপন, দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে এসেছে।
স্থানীয় নাগরিক ও সচেতন মহলের দাবি, বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনার স্থাপন, প্রয়োজনীয় জনবল ও যানবাহন বাড়ানো এবং নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বর্জ্য সংগ্রহ ও অপসারণ নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের ব্যবস্থা এবং পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বরগুনা শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments