Header Ads Widget

Responsive Advertisement

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে গত ১৬ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীমকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৩ জুলাই তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন। ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌবাহিনী প্রধান তাকে ভাইস এডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পরে নৌবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশন্স ও পরিচালক নৌ পরিকল্পনার দায়িত্বও পালন করেছেন।

এ ছাড়া তিনি বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌ ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখেন।

সামরিক জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) ও জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

নৌবাহিনী প্রধান হিসেবে খোন্দকার মিসবাহ উল আজীম ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Post a Comment

0 Comments