প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নানা আলোচনা চললেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে তাঁর নয়াদিল্লি সফরের সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সফরের তারিখ বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার জানান, ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কি না এবং সফরটি কোন প্রেক্ষাপটে হবে—সে বিষয়ে আলোচনা চলছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ভারতের ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ভারত যাবেন—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের হাতে এখনও সময় রয়েছে।
সরকার গঠনের পর ভারত থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ব্রিকস-সংক্রান্ত আমন্ত্রণের ধরন এবং সফরের সম্ভাব্য কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ফলে সম্ভাব্য সফর নিয়ে বিভিন্ন খবর প্রকাশ পেলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না।

0 Comments