নেক্সট নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০২৬
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সরকার বিচার বিভাগীয় ও ফৌজদারি—দুই ধরনের তদন্ত শুরু করেছে।
স্থানীয় সময় সোমবার সংঘর্ষের পর কারাগার এবং এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের চারপাশে সশস্ত্র পুলিশ ও বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হলেও কারাগারের ভেতরে অতিরিক্ত বাহিনী প্রবেশ করানো হয়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হর্ষানা নানায়াক্কারা পার্লামেন্টে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি সরকারি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ পৃথকভাবে ফৌজদারি তদন্তও শুরু করেছে।
প্রতিদ্বন্দ্বী বন্দী গোষ্ঠীর সংঘর্ষ
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কারাগারের ভেতরে প্রতিদ্বন্দ্বী দুই বন্দী চক্রের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন বন্দী কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়।
সংঘর্ষ চলাকালে কারাগারের একটি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন বিচারমন্ত্রী।
আহত শতাধিক, হাসপাতালে চিকিৎসা চলছে
নেগোম্বো হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ২৩ জন কারারক্ষী, যারা গুলিবিদ্ধ, কাটা জখম ও গুরুতর আঘাত পেয়েছেন।
এ ছাড়া আরও ১৯ জন বন্দী কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, দাঙ্গা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে সাতজন কারারক্ষী নিহত হয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঘটনার পর নেগোম্বো কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারের নিরাপত্তা ও বন্দীদের চলাচলের ওপর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

No comments: