ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও কার্বন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে নতুন জাতীয় কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স (NCCF)’ গঠন করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নতুন এই কমিটির মূল লক্ষ্য হলো জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিংকে একটি সমন্বিত জাতীয় কাঠামোর আওতায় আনা।
কারা থাকছেন নেতৃত্বে?
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সহসভাপতি হিসেবে থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আর প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্যসচিব।
কমিটিতে থাকছেন বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা
২৫ সদস্যের এই কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্থানীয় সরকার, পররাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা কমিটির সদস্য হিসেবে থাকছেন।
কী করবে নতুন এই কমিটি?
জাতীয় কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশের জাতীয় লক্ষ্য, রূপকল্প এবং কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা।
এ ছাড়া কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন নিয়ে জাতীয় পর্যায়ে নীতিগত দিকনির্দেশনাও দেবে কমিটি।
কার্বন ট্রেডিংয়ে নজর
প্যারিস চুক্তির আর্টিকেল ৬ এবং অন্যান্য আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নে পরামর্শ দেবে NCCF।
দেশে কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা দেওয়ার পাশাপাশি আর্টিকেল ৬ বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত Designated National Authority (DNA)-এর কার্যক্রমও তদারক করবে কমিটি।
আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ সংগ্রহেও নজর
নতুন কমিটি জলবায়ু অর্থায়নসংক্রান্ত নীতি, কৌশল ও নির্দেশিকা চূড়ান্ত করার পাশাপাশি বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন ও সংস্কারের সুপারিশ করবে।
একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জলবায়ু তহবিল এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, বৈদেশিক অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্বও পালন করবে।
বছরে অন্তত দুইবার বৈঠক
প্রজ্ঞাপনে বলা হয়েছে, NCCF-এর সভা বছরে অন্তত দুইবার অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজন অনুযায়ী বছরের যেকোনো সময় অতিরিক্ত সভা আহ্বান করা যাবে।
প্রয়োজনে কমিটি নতুন সদস্যকেও অন্তর্ভুক্ত করতে পারবে।
এক নজরে
কমিটির নাম: National Committee on Climate Finance (NCCF)
সদস্য: ২৫ জন
সভাপতি: প্রধানমন্ত্রী তারেক রহমান
সহসভাপতি: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
সমন্বয়ক: ড. মো. সাইমুম পারভেজ
মূল বিষয়: জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং
সভা: বছরে ন্যূনতম ২ বার
আন্তর্জাতিক কাঠামো: প্যারিস চুক্তির আর্টিকেল ৬

0 Comments