গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতী জলসা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ ইসলামী জলসায় কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা, মিলাদ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রোববার বাদ আসর কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ আজিমুশশান ইসলামী জলসার আয়োজন করা হয়।
কর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি
কালীগঞ্জ উপজেলা কর্মী প্রধান মো. আকবর হোসেন আশরাফের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর কর্মী প্রধান মো. রেজাউল করিমের সঞ্চালনায় জলসাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এ. বি. এম. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কর্মী প্রধান মো. নাজমুল হোসেন।
কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা
জলসায় বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, ফরিদপুরের খাদেম হযরত মাওলানা সাইফুল ইসলাম গাজীপুরী এবং হযরত মাওলানা মহসিন আলী।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিকভাবে পরিচিত মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও দলিলভিত্তিক আলোচক হযরত মাওলানা মুফতি মাসুদ রহমান হামিদী, খাদেম, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, ফরিদপুর।
বক্তারা তাদের আলোচনায় ইসলামী মূল্যবোধ, কোরআন-সুন্নাহর শিক্ষা এবং ধর্মীয় জীবনে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
মিলাদ ও বিশেষ দোয়া
কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ উপলক্ষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের দাওয়াত দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে ইসলামী জলসায় উপস্থিত হওয়া অতিথি, কর্মী ও স্থানীয় মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এদিনের আজিমুশশান ইসলামী জলসার সমাপ্তি ঘোষণা করা হয়।

0 Comments