Header Ads Widget

Responsive Advertisement

দিল্লিতে চাকমা নেতাদের বাংলাদেশবিরোধী বক্তব্যের নিন্দা



জাতীয় | ১৮ আগস্ট ২০২৬

দিল্লিতে বাংলাদেশবিরোধী বক্তব্য ও দেশের জ্বালানি সরবরাহ বন্ধের দাবির নিন্দা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী থোয়াই চিং মং চাক এ ধরনের বক্তব্যকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো দাবি তোলা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বা আঞ্চলিক কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও বাংলাদেশের জনগণের ক্ষতি হয়—এমন কোনো পদক্ষেপের আহ্বান গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা, অধিকার ও শান্তির বিষয়গুলো দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। বিদেশি রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশের ওপর অর্থনৈতিক বা জ্বালানি চাপ তৈরির চেষ্টা কোনো সমস্যার টেকসই সমাধান হতে পারে না।

বিবৃতিতে সরকারের প্রতি বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির যেকোনো উদ্যোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

থোয়াই চিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রকৃত প্রয়োজন হলো শান্তি, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন। এসব বিষয়কে কেন্দ্র করে সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধানের পথ খোঁজা প্রয়োজন।

তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি জাতীয় স্বার্থ, শান্তি ও সম্প্রীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Post a Comment

0 Comments